
নাজমুল হোসেন, রাজবাড়ীঃ
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’ এর নানা কর্মসূচি।
গতকাল বৃহস্পতিবার (২ জুলাই) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ভার্চুয়ালি এই উৎসবের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে ২ থেকে ৪ জুলাই পর্যন্ত গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই উৎসব পালন করা হচ্ছে।
উদ্বোধন পরবর্তী প্রথম দিনে গোয়ালন্দ শিল্পকলা একাডেমীর শিক্ষার্থী এবং স্থানীয় শিল্পীদের পরিবেশনায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আয়োজক সূত্রে জানা গেছে, উৎসবের দ্বিতীয় দিন শুক্রবার (৩ জুলাই) স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। শেষ দিন আগামীকাল শনিবার স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রতিযোগিতার পুরস্কার বিতরণের মধ্য দিয়ে তিন দিনব্যাপী এই উৎসবের সমাপ্তি ঘটবে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নজরুল বর্ষের বাকি দিনগুলোর সকল কর্মসূচিতে উপজেলার সর্বস্তরের জনগণকে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে।
প্রতিবেদন ও ছবি:
নাজমুল হোসেন, রাজবাড়ীঃ