
নাজমুল হোসেন, রাজবাড়ীঃ
রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে ৪৮ পুরিয়া হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত হেরোইনের ওজন ৪ দশমিক ৮ গ্রাম।
গত ২৯ জুন রাতে গোয়ালন্দঘাট থানাধীন দৌলতদিয়া বাজার এলাকার দুর্গা মন্দিরের সামনের পাকা রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মোঃ গোল মাদন শেখ (৪০)। তিনি পাবনা জেলার আমিনপুর থানার চর কল্যাণপুর (বাচামারা ইউপি) গ্রামের মৃত মানিক শেখের ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, ওই রাতে গোয়ালন্দঘাট থানার এসআই মোঃ ফরিদ মিয়া সঙ্গীয় ফোর্সসহ এলাকায় মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে দৌলতদিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে হেরোইনসহ গোল মাদন শেখকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সফিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।
প্রতিবেদন ও ছবি:
নাজমুল হোসেন, রাজবাড়ীঃ