
নাজমুল হোসেন, রাজবাড়ীঃ
রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ হেরোইনসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১০।
আজ শনিবার (৪ জুলাই) সকাল পৌনে ৯টার দিকে গোয়ালন্দঘাটের মনোরমা সিনেমা হল সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে প্রায় ৩ লাখ ১৫ হাজার টাকা মূল্যের ১ হাজার ৫০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—গোয়ালন্দ উপজেলার সোহরাব মন্ডলপাড়া এলাকার তুহিন মোল্লার স্ত্রী বন্যা বেগম (২৮) এবং উত্তর দৌলতদিয়া এলাকার রবি শেখের স্ত্রী পিংকি আক্তার (৩০)।
র্যাব-১০, সিপিসি-৩ (ফরিদপুর ক্যাম্প) জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে মনোরমা সিনেমা হল এলাকায় অভিযান চালায় র্যাবের একটি দল। তল্লাশিকালে ওই দুই নারীর কাছ থেকে ১ হাজার ৫০ পুরিয়া হেরোইন জব্দ করা হয়।
র্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক কারবারি। তারা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে হেরোইনসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে রাজবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।
এ ঘটনায় উদ্ধারকৃত আলামতসহ আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাদের গোয়ালন্দঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রতিবেদন ও ছবি:
নাজমুল হোসেন, রাজবাড়ীঃ