
ঢাকা: রাজধানীর গণপরিবহন ব্যবস্থাকে আরও সম্প্রসারিত করতে মেট্রোরেলের এমআরটি লাইন-৬ আগামী ২০২৭ সালের এপ্রিলে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত বর্ধিত অংশে বাণিজ্যিকভাবে চলাচল শুরু করবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-৬)-এর প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আবদুল ওহাব জানান, বাণিজ্যিক কার্যক্রম শুরুর আগে ২০২৭ সালের জানুয়ারি থেকে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু হবে। যাত্রীসেবা শেষে রাতের বেলায় উত্তরা উত্তর স্টেশন থেকে কমলাপুর পর্যন্ত পুরো রুটে খালি ট্রেন চালিয়ে বিভিন্ন কারিগরি ও পরিচালনাগত পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হবে।
প্রকল্প কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জুন পর্যন্ত ১ দশমিক ১৬ কিলোমিটার দীর্ঘ বর্ধিত অংশের ভায়াডাক্ট, একটি স্টেশন এবং রেল ট্র্যাক নির্মাণসহ সার্বিক অগ্রগতি প্রায় ৭৭ শতাংশে পৌঁছেছে। বর্তমানে কমলাপুর স্টেশনের স্থাপত্য, প্রবেশ ও বহির্গমন পথ এবং অভ্যন্তরীণ অবকাঠামোর নির্মাণকাজ চলছে।
এ ছাড়া স্টেশনের পাইল, পাইল ক্যাপ, পিয়ার, স্টেশন কলাম, প্রিকাস্ট সেগমেন্ট, কনকোর্স ছাদ, প্ল্যাটফর্ম ও ট্র্যাক স্ল্যাব, প্যারাপেট ওয়াল এবং স্টিলের ছাদ নির্মাণ সম্পন্ন হয়েছে। শিগগিরই স্বয়ংক্রিয় প্ল্যাটফর্ম দরজা, সিগন্যালিং ব্যবস্থা এবং অন্যান্য বৈদ্যুতিক সরঞ্জাম স্থাপনের কাজ শুরু হবে। আগামী দুই মাসের মধ্যে ট্র্যাক স্থাপনের কাজ শেষ হওয়ার আশা করছে প্রকল্প কর্তৃপক্ষ।
বর্তমানে স্টেশনের প্রবেশ ও বহির্গমন পথ, অভ্যন্তরীণ দেয়ালে টাইলস বসানো, স্থায়ী কাচ স্থাপন এবং অভ্যন্তরীণ ও বাহ্যিক রং করার কাজ চলমান রয়েছে। পাশাপাশি উত্তরা কনস্ট্রাকশন ইয়ার্ডে প্রয়োজনীয় ২৯৮টি প্রিকাস্ট সেগমেন্টের মধ্যে ১০০টির কাস্টিং সম্পন্ন হয়েছে।
উত্তরা উত্তর থেকে কমলাপুর পর্যন্ত এমআরটি লাইন-৬-এর মোট দৈর্ঘ্য হবে ২১ দশমিক ২৬ কিলোমিটার। এর আগে ২০২৩ সালের নভেম্বরে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত অংশে মেট্রোরেলের বাণিজ্যিক চলাচল শুরু হয়।