নাজমুল হোসেন, রাজবাড়ীঃ
রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ৩৫ কেজি ওজনের বিশাল এক কাতল মাছ। রোববার (৫ জুলাই) ভোরে কলাবাগান এলাকায় জেলে জমির হলদার ও তার সহযোগীদের জালে মাছটি ধরা পড়ে। সকালে মাছটি দৌলতদিয়া ঘাটের আড়তে আনা হলে সেটি এক নজর দেখতে উৎসুক জনতার ভিড় জমে যায়। পরে দৌলতদিয়া মাছ বাজারের হালিমের আড়তে প্রকাশ্য নিলামের মাধ্যমে ২ হাজার টাকা কেজি দরে মোট ৭০ হাজার টাকায় মাছটি কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ। ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ জানান, মাছটি কেনার পর তিনি দেশের বিভিন্ন স্থানে মোবাইল ফোনে যোগাযোগ করেন। অবশেষে খুলনার এক জার্মান প্রবাসীর কাছে ২ হাজার ১০০ টাকা কেজি দরে মোট ৭৩ হাজার ৫০০ টাকায় কাতল মাছটি বিক্রি করেন। এতে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে তার সাড়ে ৩ হাজার টাকা লাভ হয়। তিনি আরও জানান, একই সঙ্গে ওই প্রবাসীর কাছে ১ কেজি ৮০০ গ্রাম ওজনের একটি বড় ইলিশ মাছও বিক্রি করেছেন। ৪ হাজার ১০০ টাকা কেজি দরে কিনে সেটি তিনি ৪ হাজার ৩০০ টাকা কেজি দরে মোট ৭ হাজার ৭৪০ টাকায় বিক্রি করেন। বিশাল আকৃতির এই মাছ দুটি বিক্রি করতে পেরে ওই ব্যবসায়ী ও জেলেরা অত্যন্ত আনন্দিত।

প্রতিবেদন ও ছবি: নাজমুল হোসেন, রাজবাড়ীঃ