[bangla_day], [bangla_time], [bangla_date]

[bangla_day], [bangla_time], [bangla_date]

হোম খবর

বৈরী আবহাওয়ায় শাহ আমানত বিমানবন্দরে অবতরণে ব্যর্থ তিন ফ্লাইট, ঢাকায় ফিরে যায়

শেয়ার: https://www.timebulletin24.com/news/zfv2l7

চট্টগ্রামে টানা ভারি বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মঙ্গলবার তিনটি ফ্লাইট অবতরণ করতে পারেনি। সকাল থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দুটি আন্তর্জাতিক ও একটি অভ্যন্তরীণ ফ্লাইট চট্টগ্রামে নামতে ব্যর্থ হয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে যায় বা সেখানে অবতরণ করে।

তবে প্রতিকূল আবহাওয়ার মধ্যেও চট্টগ্রাম থেকে নির্ধারিত সব ফ্লাইট ছেড়ে গেছে। যদিও এদিন আগমন ও প্রস্থান—উভয় ধরনের ফ্লাইটই স্বাভাবিক সময়ের তুলনায় প্রায় ৩০ মিনিট থেকে এক ঘণ্টা পর্যন্ত বিলম্বিত হয়।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম খলিল বিষয়টি নিশ্চিত করে জানান, টানা ভারি বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার কারণে বিমান চলাচলে সাময়িক বিঘ্ন সৃষ্টি হয়েছে। তিনি বলেন, ইউএস-বাংলা এয়ারলাইনসের আবুধাবি-চট্টগ্রাম রুটের বিএস-৩৫০ ফ্লাইটটি চট্টগ্রামে অবতরণ সম্ভব না হওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরিয়ে নেওয়া হয়। একই কারণে এয়ার অ্যারাবিয়ার শারজাহ-চট্টগ্রাম রুটের জি-৯-৫২৬ ফ্লাইটটিও ঢাকায় অবতরণ করে। এছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-চট্টগ্রাম রুটের বিজি-১২১ ফ্লাইটটি চট্টগ্রামে নামতে না পেরে পুনরায় ঢাকায় ফিরে যায়।

তিনি আরও জানান, বিমানবন্দর এলাকায় ঘণ্টায় ৮০ থেকে ৯০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে ফ্লাইট পরিচালনা স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।

এদিকে, রোববার সকাল থেকে শুরু হওয়া বৃষ্টিপাত সোমবার অতি ভারি বর্ষণে রূপ নেয়। সোমবার দিনভর বৃষ্টির পর রাত থেকে টানা বৃষ্টি অব্যাহত রয়েছে। মঙ্গলবার সকাল থেকেও চট্টগ্রামে মুষলধারে বৃষ্টিপাত হয়।

পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ৩৮৬ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা সাম্প্রতিক সময়ের অন্যতম সর্বোচ্চ বৃষ্টিপাতের মধ্যে একটি।

ফাইল ছবি

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো আবশ্যক।

শেয়ার করুন