[bangla_day], [bangla_time], [bangla_date]

[bangla_day], [bangla_time], [bangla_date]

হোম খবর

সিরাজগঞ্জে লোডশেডিং হচ্ছে, শুধু আশ্বাস নয়—কাজের বাস্তবায়ন চাই: সারজিস আলম

শেয়ার: https://www.timebulletin24.com/news/rhmi1s

ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জ, ৯ জুলাই ২০২৬: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, দেশের বিভিন্ন এলাকায় এখনো লোডশেডিং হচ্ছে। সরকারের পক্ষ থেকে বিদ্যুৎ–সংকট না থাকার দাবি করা হলেও বাস্তবতার সঙ্গে সেই বক্তব্যের মিল নেই বলে মন্তব্য করেন তিনি। তাঁর ভাষায়, মানুষ শুধু আশ্বাস নয়, কথার সঙ্গে কাজের বাস্তবায়ন দেখতে চায়।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর মুক্তমঞ্চে এনসিপির ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ পদযাত্রা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সারজিস আলম বলেন, “বাংলাদেশে লোডশেডিং আছে নাকি নেই—এ প্রশ্নের উত্তর দেশের মানুষই দিতে পারবে। ৬৪ জেলার কথা বাদ দিলাম, বিদ্যুৎ–মন্ত্রীর নিজ জেলা সিরাজগঞ্জের মানুষই সাক্ষ্য দেবে যে এখানে লোডশেডিং হয়। আমরা শুধু কথার ফুলঝুরি দেখতে চাই না; কথার সঙ্গে কাজের মিল এবং বাস্তবায়ন দেখতে চাই।”

রাজনীতির প্রসঙ্গে তিনি বলেন, ভবিষ্যতের বাংলাদেশে দলীয় বিভাজনের পরিবর্তে ভালো ও খারাপের ভিত্তিতে রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে। চাঁদাবাজি, ভূমি দখল, মাদক ও সহিংসতার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সৎ ও জনকল্যাণমূলক কাজের সঙ্গে থাকা ব্যক্তিদের সমর্থন করলে রাষ্ট্রীয় ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

কর্মসংস্থান ইস্যুতে সারজিস আলম বলেন, নির্বাচনী ইশতেহারে বিপুলসংখ্যক কর্মসংস্থানের প্রতিশ্রুতি দেওয়া হলেও এখনো অনেক তরুণ বেকার রয়েছেন। নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি না হলে তরুণদের মধ্যে হতাশা বাড়বে, যা ভবিষ্যতে সামাজিক ও রাজনৈতিক অস্থিরতার কারণ হতে পারে।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, অতীতের মতো প্রশাসনিক বা রাজনৈতিক প্রভাব খাটিয়ে নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। ভোট সুরক্ষায় জনগণকে সচেতন থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করে জনগণের আস্থা অর্জন করতে হবে।

অনুষ্ঠান শেষে সারজিস আলম আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে এনসিপি মনোনীত উল্লাপাড়া উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোশাররফ আদনান এবং উল্লাপাড়া পৌরসভার মেয়র প্রার্থী আবদুল্লাহ আল মামুনকে উপস্থিত জনতার সঙ্গে পরিচয় করিয়ে দেন এবং তাঁদের সমর্থনে ভোট দেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্যসচিব এস এম সাইফ মোস্তাফিজ, মাহিন সরকার, সারোয়ার তুষার, মোশাররফ আদনান এবং আবদুল্লাহ আল মামুন।

এর আগে বিকেল পৌনে ৫টার দিকে উল্লাপাড়া বিজ্ঞান কলেজ চত্বর থেকে এনসিপির কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহণে একটি পদযাত্রা শুরু হয়ে পৌর মুক্তমঞ্চে এসে শেষ হয়। গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সীমান্ত সুরক্ষার দাবিতে এনসিপি দেশব্যাপী ৬৪ জেলার ১০০টি উপজেলা ও পৌরসভায় মাসব্যাপী ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ পদযাত্রা কর্মসূচি পালন করছে।

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো আবশ্যক।

শেয়ার করুন