
নাজমুল হোসেন, রাজবাড়ীঃ
মাটির স্বাস্থ্য সুরক্ষা এবং তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে রাজবাড়ীর গোয়ালন্দে অনুষ্ঠিত হয়েছে এক বিশেষ মতবিনিময় সভা। মঙ্গলবার (১৪ জুলাই) সকালে উজানচর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের হাবিল মন্ডল পাড়ায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা মাটির উর্বরতা রক্ষা ও পরিবেশের ওপর তামাক চাষের দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। মাটির গুণাগুণ বজায় রাখতে তামাকের পরিবর্তে লাভজনক ও পরিবেশবান্ধব বিকল্প ফসল চাষের ওপর জোর দেওয়া হয়। একইসাথে, মাটির সুরক্ষায় রাসায়নিক সার ব্যবহারের প্রবণতা কমিয়ে জৈব সারের ব্যবহার বাড়ানোর জন্য কৃষকদের উৎসাহিত করা হয়। গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাথী দাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (FAO) ন্যাশনাল কমিউনিটি ম্যানেজমেন্ট স্পেশালিস্ট মো. মাসুদুর রহমান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গোয়ালন্দ উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রায়হানুল হায়দার। সভার এক পর্যায়ে স্থানীয় কৃষক মো. মোতালেব হোসেন তামাক চাষ বর্জনের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে বলেন, ‘আমি আর তামাক চাষ করব না। আমার পরিবারের অন্য সদস্যরাও যাতে এই ক্ষতিকর চাষাবাদ থেকে বিরত থাকে, তা নিশ্চিত করতে আমি সর্বাত্মক চেষ্টা করব।’ স্থানীয় শত শত কৃষক-কৃষাণীর অংশগ্রহণে আয়োজিত এই সভাটি জনমনে ব্যাপক সাড়া ফেলেছে। কৃষি কর্মকর্তাদের এই ইতিবাচক উদ্যোগ তামাক চাষ নিরুৎসাহিত করতে এবং কৃষকদের পরিবেশবান্ধব কৃষিতে উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

প্রতিবেদন ও ছবি: নাজমুল হোসেন, রাজবাড়ীঃ