
নাজমুল হোসেন, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার খেটে খাওয়া হতদরিদ্র ২০০ রিকশাচালকের মাঝে রেইনকোর্ট বিতরণ করেছেন বিশিষ্ট সমাজসেবক ও মেয়রপ্রার্থী মোহাম্মদ জাহাঙ্গীর খান। শুক্রবার বিকেলে পৌরসভার ১নং ওয়ার্ডে রিকশাচালকদের হাতে এসব রেইনকোর্ট তুলে দেওয়া হয়। টানা বৃষ্টিতে দুর্ভোগে পড়া রিকশাচালকদের জীবিকা নির্বাহ সহজ করতেই এই উদ্যোগ নেন তিনি। রেইনকোর্ট পেয়ে আবুল নামের এক চালক বলেন, “গত কয়েক দিনের বৃষ্টির মধ্যে রিকশা চালাতে আমাদের খুব কষ্ট হচ্ছিল। কেউ আমাদের পাশে না দাঁড়ালেও জাহাঙ্গীর ভাই আজ আমাদের সাহায্য করলেন।” স্থানীয় রিকশাচালকরা জানান, এর আগেও প্রচণ্ড গরমে পথচারীদের মাঝে আম ও লেবুর শরবত বিতরণসহ নানা মানবিক কর্মকাণ্ডে পাশে থেকেছেন জাহাঙ্গীর খান। সবু ও লোকমান ফকির নামে কয়েকজন চালক বলেন, “নির্বাচনের আগে সবাই আশ্বাস দিলেও পরে আর খোঁজ থাকে না। কিন্তু জাহাঙ্গীর ভাই নির্বাচনের আগেই আমাদের সুখে-দুঃখে পাশে আছেন।” এ বিষয়ে মোহাম্মদ জাহাঙ্গীর খান বলেন, “আমি শুধু নির্বাচিত হওয়ার জন্য নয়, মানুষের পাশে দাঁড়ানো আমার স্বভাব। জনপ্রতিনিধি হলে এই সেবার পরিধি আরও বাড়াতে পারবো—এই লক্ষ্যেই আমি কাজ করে যাচ্ছি।”
প্রতিবেদন ও ছবি: নাজমুল হোসেন, রাজবাড়ীঃ