
নেত্রকোনা প্রতিনিধি
ঢাকা থেকে ট্রেনে করে বাড়ি ফেরার পথে ট্রেনের দরজার পাশে দাঁড়িয়ে থাকা এক তরুণ ছিটকে পড়ে নিহত হয়েছেন। শুক্রবার ভোর চারটার দিকে ময়মনসিংহ–মোহনগঞ্জ রেলপথের নেত্রকোনা শহরের রাজুরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুহিদ খান ওরফে রিফাত (২২) মোহনগঞ্জ উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের বড়পাইকুড়া গ্রামের মইনুল কবীর খানের ছেলে। তিনি ঢাকার একটি তৈরি পোশাক কারখানায় কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে আন্তনগর হাওর এক্সপ্রেসে করে বাড়ির উদ্দেশে রওনা হন মুহিদ। স্বজনদের দাবি, টিকিট না পাওয়ায় তিনি ট্রেনের দরজার পাশে দাঁড়িয়ে যাত্রা করছিলেন। ভোরের দিকে ঝিমিয়ে পড়ার একপর্যায়ে হাতের নিয়ন্ত্রণ হারিয়ে তিনি চলন্ত ট্রেন থেকে ছিটকে পড়ে যান। এতে ট্রেনের চাকায় তাঁর একটি পা বিচ্ছিন্ন হয়ে যায় এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
স্থানীয় লোকজন সকালে মরদেহ দেখতে পেয়ে রেলওয়ে পুলিশকে খবর দেন। পরে মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা মরদেহ উদ্ধার করে।
নেত্রকোনা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. আকমল জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মোহনগঞ্জ রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম তারা সম্পন্ন করবে।
নিহতের চাচাতো ভাই দেওয়ান রিয়াদ বলেন, এক প্রত্যক্ষদর্শীর কাছ থেকে জানা গেছে, টিকিট না পাওয়ায় মুহিদ ট্রেনের দরজার পাশে দাঁড়িয়ে ছিলেন। ভোরের দিকে ঝিমিয়ে পড়ার সময় হাতের মুঠো আলগা হয়ে গেলে তিনি ট্রেন থেকে ছিটকে নিচে পড়ে যান।
মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোবারক হোসেন বলেন, পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ বুঝে নেওয়ার আবেদন করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।