সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের শহীদ এম. মনসুর আলী রেলস্টেশনে সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার (৪ আগস্ট) বেলা প্রায় ১১টা ১৫ মিনিটে সিরাজগঞ্জ সদর উপজেলার সদানন্দপুর এলাকায় অবস্থিত শহীদ এম. মনসুর আলী স্টেশনে এ ঘটনা ঘটে। এ কারণে বিভিন্ন স্টেশনে একাধিক যাত্রীবাহী ট্রেন আটকা পড়ে এবং শত শত যাত্রী দুর্ভোগে পড়েন। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, রাজশাহী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা সিল্কসিটি এক্সপ্রেস স্টেশনে প্রবেশের সময় ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়। তাৎক্ষণিকভাবে শিকল টেনে ট্রেনের গতি থামিয়ে দেওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। যমুনা সেতু পশ্চিম (সয়দাবাদ) রেলস্টেশনের স্টেশন মাস্টার মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, লাইনচ্যুত হলেও এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম জানান, ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে। রেলপথ দ্রুত সচল করতে উদ্ধারকারী দলের কার্যক্রম অব্যাহত রয়েছে।