
নাজমুল হোসেন, রাজবাড়ী
রাজবাড়ীর পাংশা উপজেলার কলেজ মোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় মো. নজরুল ইসলাম (৪০) নামের এক ট্রাকচালক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত নজরুল ইসলামের বাড়ি বরিশালের আগলঝাড়া এলাকায়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়:
বরিশাল থেকে কুষ্টিয়াগামী কাঠবোঝাই একটি ট্রাকের চাকা পাংশা কলেজ মোড় এলাকায় পৌঁছানোর পর নষ্ট হয়ে যায়। এ সময় চালক নজরুল ইসলাম সড়কের পাশে ট্রাকটি থামিয়ে নিচে নেমে চাকা মেরামত করছিলেন। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে গরুর খাবারের (ভুষি/ছাল) বোঝাই অপর একটি দ্রুতগামী ট্রাক দাঁড়িয়ে থাকা কাঠবোঝাই ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে চাকা মেরামতের সময় ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই চালক নজরুল ইসলামের মৃত্যু হয়।
দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করেন। এ বিষয়ে পাংশা হাইওয়ে থানার পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং পালিয়ে যাওয়া ঘাতক ট্রাকটি শনাক্ত করতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
প্রতিবেদন ও ছবি:
১৮/আগস্ট /২০২৬
নাজমুল হোসেন, রাজবাড়ী