, ,

, ,

হোম খবর

গোয়ালন্দে কৃষক কার্ড বাস্তবায়নে ছোট ভাকলায় মতবিনিময় সভা

শেয়ার: https://www.timebulletin24.com/news/216mks

নাজমুল হোসেন, রাজবাড়ী:

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় সরকারের ঘোষণা অনুযায়ী ‘কৃষক কার্ড’ কর্মসূচি সুষ্ঠু ও কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে ছোট ভাকলা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কৃষক কার্ড কর্মসূচির আওতায় প্রকৃত কৃষকদের সঠিক তালিকা প্রণয়ন, নিবিড় যাচাই-বাছাই এবং মাঠপর্যায়ে এর সুফল পৌঁছে দেওয়া নিশ্চিত করতেই এই সভার আয়োজন করা হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন গোয়ালন্দ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সৈয়দ রায়হানুল হায়দার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল হুদা। সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল হুদা বলেন, “কৃষক কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রকৃত কৃষকদের চিহ্নিত করাই আমাদের প্রধান দায়িত্ব। কোনো কৃষক যেন তালিকা থেকে বাদ না পড়েন এবং প্রকৃত কৃষকের পরিবর্তে অন্য কেউ যেন তালিকায় অন্তর্ভুক্ত হতে না পারেন, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। সম্পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে উপকারভোগীদের তালিকা প্রস্তুত করতে হবে। মাঠপর্যায়ে কৃষকদের সঙ্গে সমন্বয় করে এই কর্মসূচি সফল করতে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।” সভাপতির বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সৈয়দ রায়হানুল হায়দার বলেন, “কৃষকদের জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও যুগোপযোগী উদ্যোগ। প্রকৃত কৃষকেরাই যাতে এই কার্ডের সব সুযোগ-সুবিধা পান, সে জন্য মাঠপর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও কৃষকদের আন্তরিক সহযোগিতা অত্যন্ত জরুরি। যাচাই-বাছাইয়ের প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম বা পক্ষপাতিত্বের বিন্দুমাত্র সুযোগ নেই।” মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতানুর ইসলাম মুন্নু মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক নাজিরুল ইসলাম তিতাস, ছোট ভাকলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন, ইউনিয়ন বিএনপির সভাপতি মাজেদ শেখ, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা হিমেলসহ স্থানীয় বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি, কৃষক-কৃষাণী এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। সভার উন্মুক্ত পর্বে স্থানীয় কৃষকরা কৃষক কার্ড কর্মসূচি বাস্তবায়ন নিয়ে তাদের বিভিন্ন মতামত ও মূল্যবান পরামর্শ তুলে ধরেন।

এ সময় বক্তারা প্রকৃত কৃষকদের অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ নিরপেক্ষ ও স্বচ্ছতার সঙ্গে তালিকা প্রণয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

প্রতিবেদন ও ছবি: ১৯/আগস্ট /২০২৬ নাজমুল হোসেন, রাজবাড়ী

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো আবশ্যক।

শেয়ার করুন