
নাজমুল হোসেন, রাজবাড়ী:
“নৌযান শুমারি সম্পন্ন করি, সমৃদ্ধ বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে নৌযান শুমারির তথ্য সংগ্রহ, প্রচারণা ও সার্বিক প্রস্তুতিমূলক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগস্ট) সকাল ১০টার দিকে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে র্যালিটি পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। র্যালিতে জেলা প্রশাসক, পুলিশ সুপার, পরিসংখ্যান অফিসার, তথ্য সংগ্রহকারী এবং স্থানীয় নৌযান মালিক ও শ্রমিকেরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজা পারভীন-এর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিসংখ্যান অফিসের উপ-পরিচালক রেজাউল করিম। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তারিফ ইস হাসানসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। সভায় জানানো হয়, সমুদ্রগামী, উপকূলীয় এবং অভ্যন্তরীণ জলসীমায় চলাচলকারী সকল ইঞ্জিনচালিত নৌযান এই শুমারির আওতায় আনা হবে। তবে এর বাইরে থাকবে সেনা, নৌ ও বিমান বাহিনীর নৌযান। আগামী ২০ আগস্ট থেকে শুরু হয়ে এই শুমারি কার্যক্রম চলবে আগামী ২৯ আগস্ট পর্যন্ত। প্রাথমিক তথ্যানুযায়ী, বর্তমানে দেশে মোট ইঞ্জিনচালিত নৌযান রয়েছে ২ লক্ষ ৪৪ হাজার ৮০৮টি এবং ঘাটভিত্তিক নৌযান রয়েছে ১ লক্ষ ৭৪ হাজার ৪৭টি।
প্রতিবেদন ও ছবি: ১৯/আগস্ট /২০২৬ নাজমুল হোসেন, রাজবাড়ী