
নাজমুল হোসেন, রাজবাড়ী
রাজবাড়ীর পাংশা উপজেলায় পানির মোটর চুরির অভিযোগে জজ আলী বিশ্বাস (৩৫) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
বুধবার (১৯ আগস্ট) ভোরে পুলিশ তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত জজ আলী বিশ্বাস উপজেলার পাট্টা ইউনিয়নের মাঝাইল গ্রামের সুরাই বিশ্বাসের ছেলে। পেশায় তিনি একজন কৃষক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে উপজেলার কসবামাঝাইল ইউনিয়নের পাঁচবাড়িয়া গ্রামের করিম মণ্ডলের মিলে পানির মোটর চুরি করতে যান জজ আলী। এ সময় স্থানীয়রা তাকে হাতেনাতে আটক করে মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে খবর পেয়ে ভোরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ এবং এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
প্রতিবেদন ও ছবি:
১৯/আগস্ট /২০২৬
নাজমুল হোসেন, রাজবাড়ী: