
ছবি সংগৃহীত
বিশেষ প্রতিবেদক
ঢাকা
সরকার গঠনের ছয় মাসের মাথায় মন্ত্রিসভার পরিধি বাড়ানো হয়েছে। নতুন করে চারজন মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রী শপথ নেওয়ার পাশাপাশি মন্ত্রিসভার কয়েকজন সদস্যের দপ্তরেও পরিবর্তন আনা হয়েছে।
শুক্রবার রাতে মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্ব বণ্টন ও পুনর্বণ্টনসংক্রান্ত সিদ্ধান্তে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বিএনপির জোটসঙ্গী বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ।
এদিকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী থেকে মন্ত্রী পদে উন্নীত হয়েছেন রশিদুজ্জামান মিল্লাত। একই সঙ্গে ওই মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানমকে (রিতা) খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পাশাপাশি খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন মো. আব্দুল বারী।
শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ পাঠ করান নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে তিনি রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। শপথ অনুষ্ঠানের পর রাতেই চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর মধ্যে দপ্তর বণ্টন ও পুনর্বণ্টন করা হয়।
রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে যাওয়া স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন মঈন খান।
নতুন মন্ত্রী সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মন্ত্রিসভা গঠনের তিন মাসের মাথায় দীপেন দেওয়ানের পদত্যাগের পর থেকে মন্ত্রণালয়টির মন্ত্রীর পদটি শূন্য ছিল।
অন্যদিকে নতুন দুই প্রতিমন্ত্রীর মধ্যে শামীম কায়সার (লিংকন) ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। হুমায়ুন কবিরকে দেওয়া হয়েছে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে বর্তমানে শামা ওবায়েদ ইসলামও প্রতিমন্ত্রী হিসেবে বহাল রয়েছেন। ফলে এখন এই মন্ত্রণালয়ে দুজন প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করবেন।
সরকার গঠনের ছয় মাসের মধ্যে এটি মন্ত্রিসভার অন্যতম বড় পুনর্বিন্যাস হিসেবে দেখা হচ্ছে।