
নাজমুল হোসেন, রাজবাড়ী
ফরিদপুর শমরিতা হাসপাতালে চিকিৎসকের অবহেলায় কনিকা রানী মন্ডল (৩২) নামে এক গৃহবধূর মৃত্যুর ঘটনায় রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় নিহতের বাড়িতে গিয়ে স্বজনদের সঙ্গে দেখা করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এ ঘটনায় ইতোমধ্যে ৫ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) সকাল সাড়ে ৯টায় রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বাঘুটিয়া গ্রামে নিহত কনিকা রানী মন্ডলের বাড়িতে উপস্থিত হন স্বাস্থ্যমন্ত্রী। সেখানে তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান এবং সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন,
“ফ্যাসিস্ট আওয়ামী লীগের গত ১৭ বছরে ব্যাঙের ছাতার মতো অনিয়ন্ত্রিত হাসপাতালগুলো গড়ে উঠেছে, যা এখন পুরো স্বাস্থ্য ব্যবস্থার জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ১৭ বছরের এই দীর্ঘমেয়াদী সমস্যা দ্রুত সমাধান করা সম্ভব নয়, তবে আমাদের কার্যক্রম নিরবচ্ছিন্নভাবে চলমান রয়েছে।”
স্বাস্থ্য খাতের অনিয়ম রোধে সরকারের নেওয়া পদক্ষেপ তুলে ধরে তিনি আরও জানান, যেখানেই অব্যবস্থাপনা বা অনিয়ম পাওয়া যাচ্ছে, সেখানেই কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং ইতোমধ্যে অনেক অবৈধ ক্লিনিক বন্ধ করে দেওয়া হয়েছে।
কনিকা রানীর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির বিষয়ে মন্ত্রী বলেন, তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর দোষীদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ভুক্তভোগী পরিবার চাইলে প্রচলিত ফৌজদারি কার্যবিধি অনুযায়ী আলাদা মামলাও করতে পারেন।
স্বাস্থ্যমন্ত্রীর সফরকালে রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন, সিভিল সার্জন ডা. এস এম মাসুদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. শামসুল হক এবং বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) চৌধুরী মুস্তাফিজুর রহমানসহ স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রতিবেদন ও ছবি:
২১/আগস্ট /২০২৬
নাজমুল হোসেন, রাজবাড়ী