, ,

, ,

হোম খবর

রাষ্ট্রপতি ভবনের ঘোষণায় জল্পনা, তারেক রহমানের ভারত সফর নিয়ে অনিশ্চয়তা

শেয়ার: https://www.timebulletin24.com/news/aetwur

নয়াদিল্লিতে ভারতের রাষ্ট্রপতি ভবন। ছবি: সংগৃহীত

ডেস্ক নিউজ

ভারতের রাষ্ট্রপতি ভবনের একটি আকস্মিক ঘোষণা এবং ঘণ্টাখানেকের মধ্যে তা প্রত্যাহারকে কেন্দ্র করে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে নতুন করে জল্পনা তৈরি হয়েছে।

শুক্রবার দুপুর ২টা ১৩ মিনিটে রাষ্ট্রপতির ডেপুটি প্রেস সেক্রেটারি নাভিকা গুপ্ত এক বিজ্ঞপ্তিতে জানান, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক সংবর্ধনা জানানোর প্রস্তুতির কারণে শনিবারের ঐতিহ্যবাহী ‘চেঞ্জ অব গার্ড’ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে না। পরে ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরোও (পিআইবি) একই তথ্য প্রকাশ করে।

তবে কিছু সময় পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ওই তথ্য সঠিক নয়। এরপর পিআইবির ওয়েবসাইট থেকে বিজ্ঞপ্তিটি সরিয়ে নেওয়া হয় এবং বিকেল ৩টা ৩২ মিনিটে রাষ্ট্রপতি ভবনের পক্ষ থেকেও আগের ঘোষণা প্রত্যাহার করা হয়। কী কারণে এমন ভুল হয়েছে, সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি।

এর আগে কয়েক দিন ধরে তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে দুই দেশের কূটনৈতিক মহলে আলোচনা চলছিল। ধারণা করা হচ্ছিল, ব্রিকস শীর্ষ সম্মেলনের আগে তিনি দ্বিপক্ষীয় সফরে ভারত যেতে পারেন। তবে শেখ হাসিনা ও অন্যান্য পলাতক অপরাধীদের প্রত্যর্পণসহ বিভিন্ন ইস্যুতে দুই দেশের মধ্যে আলোচনা চলায় সফরের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেন, সফর সংক্রান্ত কোনো তথ্য থাকলে তা জানানো হবে। অন্যদিকে ঢাকার কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, প্রধানমন্ত্রীর সম্ভাব্য দিল্লি সফরের আয়োজন নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক দিকনির্দেশনা পাওয়া যায়নি।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলীও জানিয়েছেন, তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

সব মিলিয়ে রাষ্ট্রপতি ভবনের হঠাৎ ঘোষণা ও তা দ্রুত প্রত্যাহারের ঘটনায় সফর নিয়ে রহস্য আরও ঘনীভূত হয়েছে। তবে দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক পর্যায়ে এ বিষয়ে আলোচনা অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো আবশ্যক।

শেয়ার করুন