
নাজমুল হোসেন, রাজবাড়ী
রাজবাড়ীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযানে এক সাজাপ্রাপ্ত আসামিসহ সর্বমোট ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (২৩ আগস্ট) দিনগত রাতে ও ভোরে রাজবাড়ী থানা পুলিশ জেলার বিভিন্ন স্থানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে সাজা ও অন্যান্য মামলায় গ্রেপ্তারি পরোয়ানা (ওয়ারেন্ট) মুলতবি ছিল। পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামিদের মধ্যে সিআর মামলায় সাজাপ্রাপ্ত আসামি হলেন রাজবাড়ী সদর উপজেলার বড় রঘুনাথপুর গ্রামের মোঃ আঃ বারেক প্রামানিকের ছেলে মোঃ মোস্তফা প্রামানিক। অন্যান্য মামলায় পরোয়ানাভুক্ত আসামিরা হলেন— রাজবাড়ী সদরের দক্ষিণ চৌবাড়ীয়া গ্রামের মোঃ মোস্তাক মিয়ার ছেলে মোঃ রশিদ মিয়া (৪৪), তার ছেলে মোঃ মিরাজ মিয়া (২৪) এবং স্ত্রী মোছাঃ জরিনা বেগম (৪২); মুকুন্দিয়া হায়দারপুর গ্রামের পঞ্চানন বসুর ছেলে প্রনব বসু; গোয়ালন্দ উপজেলার মজলিশপুর গ্রামের হালিম শেখের ছেলে রেজাউল শেখ ওরফে রেজু শেখ (২৭)। পুলিশ জানায়, আসামিরা এতদিন আত্মগোপনে থেকে আইনের চোখ ফাঁকি দেওয়ার চেষ্টা করছিল। গোপন খবরের ভিত্তিতে রাজবাড়ী থানা পুলিশের চৌকস দল নিজ নিজ এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। রাজবাড়ী থানা পুলিশ জানায়, “গ্রেপ্তারকৃত আসামিদের যথাযথ পুলিশ প্রহরার মাধ্যমে ইতিমধ্যে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। জেলাজুড়ে পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার, অপরাধ নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে রাজবাড়ী থানা পুলিশের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।”

প্রতিবেদন ও ছবি: ২৩/আগস্ট /২০২৬ নাজমুল হোসেন, রাজবাড়ী