
ঢাকার মোহাম্মদপুর এলাকার জেনেভা ক্যাম্প–এ অভিযান চালিয়ে অস্ত্র ও মাদকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব-২।
র্যাব-২ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে তাদের একটি আভিযানিক দল জেনেভা ক্যাম্পে অভিযান পরিচালনা করে। এ সময় একটি দেশি পিস্তল, সাতটি সামুরাই (ধারালো অস্ত্র), ১৮০ গ্রাম হেরোইন, দুই কেজি গাঁজা এবং ৬০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
অভিযানে ঘটনাস্থল থেকেই তিনজনকে গ্রেপ্তার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।
র্যাব-২ জানিয়েছে, উদ্ধার করা অস্ত্র ও মাদক এবং গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।