শনিবার, সকাল ৮:০৪, ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শনিবার, সকাল ৮:০৪, ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় ছুরিকাঘাতে এসএসসি পরীক্ষার্থী নিহত, আহত এক

বগুড়ার শাজাহানপুর উপজেলায় ছুরিকাঘাতে সামিউল ইসলাম সিয়াম (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। শুক্রবার বিকেল পাঁচটার দিকে জাহাঙ্গীরাবাদ ক্যান্টনমেন্ট সংলগ্ন শাকপালা সিঅ্যান্ডবি পার্ক এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় তার বন্ধু তুহিন (১৬) গুরুতর আহত হয়েছে।

নিহত সামিউল ফুলতলা ক্যান্টনমেন্ট পাড়ার বাসিন্দা সাদিকুল ইসলামের ছেলে। সে স্থানীয় নর্থগার্ডেন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিল এবং আগামী মঙ্গলবার থেকে শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। আহত তুহিন একই এলাকার হিরো মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সামিউলের সঙ্গে স্থানীয় কয়েকজন কিশোরের পূর্ব বিরোধ ছিল। ঘটনার দিন বিকেলে বন্ধুকে সঙ্গে নিয়ে পার্কে ঘুরতে গেলে প্রতিপক্ষের কিশোররা তাদের ওপর হামলা চালায়। এ সময় সামিউলকে ছুরিকাঘাত করা হয় এবং তুহিনকে মারধর করে আহত করা হয়। হামলার পর অভিযুক্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সামিউলকে মৃত ঘোষণা করেন। আহত তুহিন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল জানান, সামিউলের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না। * চিহ্নিত ক্ষেত্রগুলো আবশ্যক।

Scroll to Top