
বগুড়ায় দ্বিতীয় বিয়ের আগে অন্তঃসত্ত্বা হওয়ার বিষয় গোপন রাখতে এক নবজাতককে গলা কেটে হত্যার অভিযোগে এক দম্পতিকে কারাগারে পাঠানো হয়েছে। রোববার (১০ মে) বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
আটক ব্যক্তিরা হলেন বগুড়া সদর উপজেলার তেলিহারা উত্তরপাড়া গ্রামের দুলাল হোসেন (২৫) এবং তার স্ত্রী নিপা আক্তার (২৩)। আদালতে নিপা আক্তার দণ্ডবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিপার আগের স্বামীর সঙ্গে কয়েক মাস আগে বিচ্ছেদ হয়। পরে রমজানে তিনি দুলাল হোসেনকে বিয়ে করেন। তবে দ্বিতীয় বিয়ের আগেই তিনি অন্তঃসত্ত্বা ছিলেন। পরিবারের সদস্যরা বিষয়টি গোপন রাখেন।
গত শুক্রবার (৮ মে) বিকালে বাড়ির গোসলখানায় একটি ছেলে শিশুর জন্ম দেন নিপা। অভিযোগ রয়েছে, লোকলজ্জার ভয়ে দুলাল ও নিপা নবজাতকের গলা কেটে হত্যা করেন। পরে মরদেহ পলিথিনে মুড়িয়ে বাড়ির পাশের একটি পরিত্যক্ত পুকুরে ফেলে দেওয়া হয়।
এ ঘটনায় গ্রামপুলিশ বাদী হয়ে বগুড়া সদর থানায় হত্যা মামলা দায়ের করেছে। পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত চলছে।