বুধবার, সকাল ১১:৩১, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার, সকাল ১১:৩১, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হোম মতামত

সরকার সাময়িক, কিন্তু দল রাজনৈতিক শক্তির মূল ভিত্তি

শেয়ার: https://www.timebulletin24.com/news/payqin

খন্দকার মুস্তাফিজুর রহমান তুহিন

বিপুল জনসমর্থন নিয়ে সরকার গঠন করেছে বিএনপি। দীর্ঘ আন্দোলন-সংগ্রাম, ত্যাগ ও রাজনৈতিক প্রতিকূলতার পথ অতিক্রম করে বিএনপি নেতারা আজ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছেন, কেউ হয়েছেন মন্ত্রী, কেউ প্রতিমন্ত্রী, কেউ সংসদ সদস্য। রাষ্ট্রীয় দায়িত্ব পালনের ব্যস্ততায় এখন তাদের দিন কাটছে সচিবালয়, মন্ত্রণালয় ও প্রশাসনিক কার্যক্রম ঘিরে। সরকারের চাকা সচল রাখতে তারা নিরলস কাজ করছেন -এটি নিঃসন্দেহে ইতিবাচক দিক।

কিন্তু একই সঙ্গে একটি বাস্তবতা ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে সরকার যতটা সক্রিয় ও গতিশীল, দল ততটাই যেন নিষ্ক্রিয় ও স্থবির হয়ে পড়ছে। যে সংগঠনের তৃণমূল কর্মী – সমর্থকদের অক্লান্ত পরিশ্রম, মামলা-হামলা সহ্য করার মানসিকতা এবং রাজপথের লড়াইয়ের কারণে বিএনপি আজ রাষ্ট্র পরিচালনার সুযোগ পেয়েছে, সেই সংগঠনই এখন অনেক জায়গায় উপেক্ষিত ও নেতৃত্বশূন্য বোধ করছে।

কেন্দ্রীয় নেতাদের বড় একটি অংশ এখন প্রশাসনিক দায়িত্বে নিমগ্ন। ফলে সাংগঠনিক তৎপরতা কমে গেছে চোখে পড়ার মতো। জেলা, উপজেলা কিংবা ইউনিয়ন পর্যায়ে নিয়মিত সভা-সমাবেশ, কর্মীসভা, মতবিনিময় এসব কার্যক্রমে আগের মতো প্রাণচাঞ্চল্য নেই। তৃণমূলের- নেতাকর্মীদের মধ্যেও এক ধরনের হতাশা তৈরি হচ্ছে। তারা মনে করছেন, সরকার গঠনের পর দল যেন ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে সাধারণ কর্মীদের কাছ থেকে।

রাজনীতির বাস্তবতা হলো সরকার ও দল একে অপরের পরিপূরক। সরকার সফল হতে চাইলে দলকে শক্তিশালী ও সক্রিয় রাখতে হয়। কারণ জনগণের প্রত্যাশা, অভিযোগ ও বাস্তব সমস্যার প্রতিফলন সবচেয়ে আগে আসে দলীয় নেতাকর্মীদের মাধ্যমে। যদি দল দুর্বল হয়ে পড়ে, তাহলে সরকারের সঙ্গে জনগণের দূরত্ব বাড়তে থাকে।

ইতিহাস বলে, ক্ষমতায় যাওয়ার পর অনেক রাজনৈতিক দলই সাংগঠনিক দুর্বলতার কারণে জনভিত্তি হারিয়েছে। তাই বিএনপির জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ শুধু সরকার পরিচালনা নয়, একই সঙ্গে দলকে পুনরুজ্জীবিত রাখা। কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সাংগঠনিক কার্যক্রম জোরদার করা, নতুন নেতৃত্ব তৈরি করা, ত্যাগী কর্মীদের মূল্যায়ন করা এবং নিয়মিত রাজনৈতিক যোগাযোগ বজায় রাখা অত্যন্ত জরুরি।

কারণ সরকার সাময়িক, কিন্তু দল রাজনৈতিক শক্তির মূল ভিত্তি।

লেখক – রাজনীতিবিদ, গবেষক

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো আবশ্যক।

শেয়ার করুন