বৃহস্পতিবার, রাত ২:২৪, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বৃহস্পতিবার, রাত ২:২৪, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

জ্বালানি সংকট মোকাবিলায় ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন তারেক রহমান

ঢাকা, ১৫ এপ্রিল ২০২৬: বাংলাদেশের জরুরি জ্বালানি চাহিদা পূরণ এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে উন্নয়ন সহযোগীদের কাছে ২০০ কোটি মার্কিন ডলার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার অনুষ্ঠিত Asia Zero Emission Community Plus Summit-এ ভার্চ্যুয়ালি অংশ নিয়ে তিনি বলেন, বর্তমান বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় জরুরি পদক্ষেপ ও আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য। ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য দ্রুত সহায়তা নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে উল্লেখ করেন, বৈশ্বিক জ্বালানি সংকট বিশ্ব অর্থনীতির পারস্পরিক নির্ভরতা ও দুর্বলতাকে সামনে এনেছে। এই পরিস্থিতিতে এককভাবে কোনো দেশের পক্ষে সংকট মোকাবিলা সম্ভব নয়। এশিয়ার দেশগুলোর মধ্যে সমন্বিত উদ্যোগের মাধ্যমে জ্বালানি নিরাপত্তা জোরদার করার ওপর গুরুত্ব দেন তিনি।

বাংলাদেশের অর্থনীতিতে এই সংকটের প্রভাব তুলে ধরে তিনি জানান, সরকার ইতিমধ্যে বেশ কিছু স্বল্পমেয়াদি পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে রয়েছে সরকারি অফিস ও বাজারের সময়সূচি পরিবর্তন, জ্বালানি আমদানি বৃদ্ধি, বিকল্প উৎস ব্যবহার, জ্বালানি রেশনিং এবং খুচরা বিক্রয়ে সীমা নির্ধারণ। পাশাপাশি মজুতদারি ও আতঙ্কজনিত কেনাকাটা ঠেকাতে ‘ফুয়েল অ্যাপ’ চালুর মতো উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী সতর্ক করে বলেন, বর্তমান সংকট ১৯৭০-এর দশকের তেল সংকটের চেয়েও গুরুতর হতে পারে, যা একসময় বৈশ্বিক উন্নয়ন কার্যক্রমকে বাধাগ্রস্ত করেছিল। তিনি আশঙ্কা প্রকাশ করেন, এই পরিস্থিতি বাংলাদেশের দীর্ঘদিনের অর্থনৈতিক অগ্রগতিকে ঝুঁকির মুখে ফেলতে পারে।

সম্মেলনে অংশগ্রহণের জন্য আয়োজক দেশ জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি-কে ধন্যবাদ জানান তিনি। ভার্চ্যুয়াল এই সম্মেলনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমসহ জাপান, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভিয়েতনাম ও পূর্ব তিমুরের রাষ্ট্র ও সরকারপ্রধানরা অংশ নেন।

প্রধানমন্ত্রী সংসদ ভবন থেকে সম্মেলনে যুক্ত হন। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না। * চিহ্নিত ক্ষেত্রগুলো আবশ্যক।

Scroll to Top