
ঢাকা, ১৭ এপ্রিল ২০২৬: বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান আজ শুক্রবার ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর।
মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রক্তে প্লাটিলেটের মাত্রা কমে যাওয়ায় গত সোমবার তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে পরীক্ষায় তাঁর ম্যালেরিয়া শনাক্ত হয় এবং সেখানেই তিনি চিকিৎসাধীন ছিলেন।
মাহবুবুর রহমান ১৩তম বিসিএস শুল্ক ও আবগারি ক্যাডারের একজন কর্মকর্তা ছিলেন। তিনি ২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
ব্যক্তিগত জীবনে তিনি স্ত্রী ও তিন কন্যা রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।