নিজ জেলা বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২০ এপ্রিল) সকাল ৯টা ৫৮ মিনিটে তাকে বহনকারী গাড়িবহর বগুড়া সার্কিট হাউসে পৌঁছে। এ সময় জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান ফুল দিয়ে তাকে স্বাগত জানান।

এর আগে ভোর ৬টা ১০ মিনিটে ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়কপথে বগুড়ার উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী। সফরে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও সঙ্গে রয়েছেন। বগুড়ায় পৌঁছালে তাকে অতিরিক্ত জেলা প্রশাসক সালমা আক্তার ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
দিনব্যাপী এই সফরে প্রধানমন্ত্রী বগুড়া সিটি করপোরেশনের আনুষ্ঠানিক উদ্বোধনসহ বিভিন্ন উন্নয়ন ও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন। নির্ধারিত সূচি অনুযায়ী, তিনি সার্কিট হাউসে উপস্থিতির পর জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের ফলক উন্মোচন, জজ আদালতের ই-বেইল বন্ড চালু এবং নবগঠিত সিটি করপোরেশনের ফলক উন্মোচন করবেন।
এরপর গাবতলীর বাগবাড়ীতে গিয়ে জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে হাম টিকাদান কর্মসূচির উদ্বোধন করার কথা রয়েছে। বিকেলে আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন তিনি।
জনসভা শেষে বগুড়া প্রেস ক্লাবের নতুন ভবন এবং বায়তুর রহমান কেন্দ্রীয় মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সব কর্মসূচি শেষে সন্ধ্যায় ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার।