নিজ নির্বাচনী এলাকা সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে দেশব্যাপী হামের টিকাদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। সোমবার (২০ এপ্রিল) সকালে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই কর্মসূচির উদ্বোধন করেন।

উদ্বোধনের পর স্বাস্থ্য প্রতিমন্ত্রী টিকাদান কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি জানান, দেশের প্রায় ১ কোটি ৭৮ লাখ শিশুকে হামের টিকার আওতায় আনার লক্ষ্যে এই বৃহৎ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় নির্ধারিত লক্ষ্য অর্জন সম্ভব হবে এবং দেশের শিশুদের হামের ঝুঁকি থেকে সুরক্ষা দেওয়া যাবে।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী আরও বলেন, হামের মতো প্রতিরোধযোগ্য রোগ নির্মূলে টিকাদানের কোনো বিকল্প নেই। তাই অভিভাবকদের প্রতি তিনি তাদের সন্তানদের নির্ধারিত সময়ের মধ্যে টিকা দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি কর্মসূচি সফল করতে স্বাস্থ্য বিভাগ, স্থানীয় প্রশাসন এবং স্বেচ্ছাসেবীদের আন্তরিকভাবে কাজ করার নির্দেশনা দেন।

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন স্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এই টিকাদান ক্যাম্পেইন দেশের সব জেলায় একযোগে পরিচালিত হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।