বুধবার, রাত ১০:০৬, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার, রাত ১০:০৬, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

উপজেলা পরিষদে এমপিদের জন্য ‘পরিদর্শন কক্ষ’ স্থাপনের নির্দেশ

ঢাকা, ২১ এপ্রিল ২০২৬: জাতীয় সংসদের সদস্যদের (এমপি) নিজ নিজ নির্বাচনী এলাকার উপজেলা পরিষদে বসার জন্য নির্দিষ্ট কক্ষ বরাদ্দের সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার জাতীয় সংসদে এ তথ্য জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে এমপিদের একটি অভিযোগ ছিল যে উপজেলা পরিষদে গেলে তাদের বসার জন্য কোনো নির্দিষ্ট জায়গা থাকে না। সম্প্রতি এ বিষয়ে এক সংসদ সদস্যের উত্থাপিত দাবির পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পরে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পরামর্শে এ সংক্রান্ত সরকারি আদেশ জারি করা হয়।

নির্দেশনা অনুযায়ী, দেশের প্রতিটি উপজেলা পরিষদের দোতলায় অ্যাটাচ বাথরুম ও প্রয়োজনীয় আসবাবসহ একটি কক্ষ প্রস্তুত করা হবে। এই কক্ষের নাম হবে ‘পরিদর্শন কক্ষ’। সেখানে এমপিরা বসে স্থানীয় জনগণের সঙ্গে সাক্ষাৎ, মতবিনিময় এবং প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করতে পারবেন।

প্রতিমন্ত্রী আরও জানান, কোনো সংসদীয় আসনে একাধিক উপজেলা থাকলে সংশ্লিষ্ট সব উপজেলাতেই ওই এমপির জন্য এ ধরনের কক্ষ থাকবে।

এদিকে, সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে বিরোধী দল। এ সময় বিরোধীদলীয় সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ সকল এমপির জন্য সরকারি গাড়ির ব্যবস্থারও দাবি জানান, যা সংসদের বেশ কয়েকজন সদস্য টেবিল চাপড়ে সমর্থন করেন।

উল্লেখ্য, গত ৩১ মার্চ সংসদ সদস্য আতিকুর রহমান প্রথম এ দাবি উত্থাপন করেছিলেন।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না। * চিহ্নিত ক্ষেত্রগুলো আবশ্যক।

Scroll to Top