বুধবার, সন্ধ্যা ৭:৫৭, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার, সন্ধ্যা ৭:৫৭, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

আজ মঙ্গলবার থেকে সারা দেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এবার পরীক্ষায় অংশ নিচ্ছে সাড়ে ১৮ লাখেরও বেশি শিক্ষার্থী।

সাধারণ শিক্ষা বোর্ডের সূচি অনুযায়ী, সকাল ১০টায় বাংলা প্রথম পত্রের মাধ্যমে লিখিত পরীক্ষা শুরু হয়েছে, যা চলবে ২০ মে পর্যন্ত। এরপর ৭ থেকে ১৪ জুনের মধ্যে অনুষ্ঠিত হবে ব্যবহারিক পরীক্ষা।

শিক্ষা বোর্ডের তথ্য বলছে, গত বছর প্রায় ১৯ লাখ ৩৬ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। সেই তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা কিছুটা কম। দুই বছর আগে নবম শ্রেণিতে নিবন্ধন করা প্রায় ৪ লাখ ৪৭ হাজার শিক্ষার্থী এবার পরীক্ষায় অংশ নিচ্ছে না। যদিও অনিয়মিত শিক্ষার্থীসহ মোট পরীক্ষার্থী সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৫৭ হাজারের বেশি।

এদের মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে রয়েছে ১৪ লাখ ১৮ হাজার শিক্ষার্থী, মাদ্রাসা বোর্ডে ৩ লাখ এবং কারিগরি বোর্ডে ১ লাখ ৩৪ হাজার। সারা দেশে ৩,৮৮৫টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের জন্য আগে থেকেই ১১ দফা নির্দেশনা দেওয়া হয়েছে। সব কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা চালু রাখা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করা এবং সিগন্যাল জ্যামার ব্যবহারের মাধ্যমে মোবাইল নেটওয়ার্ক বন্ধ রাখার কথা বলা হয়েছে।

পরীক্ষা চলাকালে শিক্ষকরা মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশের আগে তল্লাশি করা হবে। কেন্দ্রসচিব ছাড়া কেউ মোবাইল বা ইলেকট্রনিক ডিভাইস নিতে পারবেন না; কেন্দ্রসচিবও কেবল সাধারণ (ক্যামেরাবিহীন) ফোন ব্যবহার করতে পারবেন।

শিক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কক্ষে প্রবেশ করতে হবে। বিশেষ ক্ষেত্রে দেরি করলে তা রেজিস্টারে নথিভুক্ত করে প্রবেশের অনুমতি দেওয়া হবে।

বসার ব্যবস্থায় নির্দিষ্ট দূরত্ব বজায় রাখা হবে এবং প্রতি ২০ জন শিক্ষার্থীর জন্য একজন করে পরিদর্শক থাকবেন। কেন্দ্রের বাইরে ভিড় এড়াতে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। পাশাপাশি পরীক্ষা শুরুর আগে টয়লেট তল্লাশি করে নকলের কোনো উপকরণ থাকলে তা সরিয়ে ফেলার কথা বলা হয়েছে।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না। * চিহ্নিত ক্ষেত্রগুলো আবশ্যক।

Scroll to Top