রাজধানী ঢাকায় বায়ুদূষণ এখন প্রায় নিত্যদিনের বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে। জলবায়ু পরিবর্তনসহ নানা কারণে বিশ্বের বড় শহরগুলোর মতো ঢাকাতেও দূষণের মাত্রা ক্রমাগত বাড়ছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ৬টা ৪০ মিনিটে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, বৃষ্টি হলেও ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ অবস্থাতেই রয়েছে। এ সময় ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) স্কোর ছিল ১৫৪, যা শহরটিকে বিশ্বের দূষিত শহরের তালিকায় তৃতীয় স্থানে রেখেছে।
একই সময়ে ভারতের দিল্লি ১৬০ স্কোর নিয়ে শীর্ষে এবং ইন্দোনেশিয়ার জাকার্তা ১৫৮ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে—দুটো শহরের বাতাসও ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

সাধারণভাবে AQI স্কোর ০–৫০ হলে তা ভালো, ৫১–১০০ মাঝারি, ১০১–১৫০ সংবেদনশীলদের জন্য অস্বাস্থ্যকর এবং ১৫১–২০০ হলে সবার জন্যই অস্বাস্থ্যকর ধরা হয়। স্কোর ২০১–৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১–৪০০ হলে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়, যা গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।
বিশেষজ্ঞদের মতে, বায়ুদূষণ সব বয়সী মানুষের জন্য ক্ষতিকর হলেও শিশু, বয়স্ক, অসুস্থ ব্যক্তি ও গর্ভবতী নারীদের জন্য এটি বেশি বিপজ্জনক। তাই এমন পরিস্থিতিতে অপ্রয়োজনীয় বাইরে যাওয়া কমানো এবং সতর্কতা মেনে চলার পরামর্শ দেওয়া হয়।










