রাজধানীর পল্লবীতে নৃশংস হত্যাকাণ্ডের শিকার আট বছরের শিশুটির পরিবারের সঙ্গে দেখা করতে তাদের বাসায় গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার রাতে মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি ঢাকার পল্লবী এলাকায় শিশুটির পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন।

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, গভীর সমবেদনা জানান এবং ঘটনার দ্রুত ও সুষ্ঠু তদন্ত নিশ্চিত করার আশ্বাস দেন।
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামছুল ইসলাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
স্থানীয় একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ওই শিক্ষার্থীকে গত মঙ্গলবার পাশের ফ্ল্যাটের এক ভাড়াটিয়া হত্যা করেছেন বলে অভিযোগ রয়েছে। পুলিশ জানিয়েছে, সকালে বাসা থেকে বের হওয়ার পর শিশুটিকে ফুসলিয়ে পাশের ফ্ল্যাটে নেওয়া হয়। পরে সেখান থেকে তার খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনায় ওই ফ্ল্যাটের বাসিন্দা সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শিশুটির বাবা ধর্ষণ ও হত্যার অভিযোগে তাঁদেরসহ অজ্ঞাতপরিচয় আরও একজনকে আসামি করে মামলা করেছেন।
পুলিশ জানিয়েছে, সোহেল রানা বুধবার ঢাকার আদালতে এ ঘটনায় দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।