বুধবার সকাল প্রায় ১০টার দিকে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দুর্গানগর ইউনিয়নের বালসাবাড়ী এলাকায় এ হামলার ঘটনা ঘটে। পেশাগত দায়িত্ব পালনের সময় অন্তত পাঁচজন সাংবাদিক হামলার শিকার হন। এ সময় তাদের মারধর করা হয় এবং ক্যামেরা ও মোবাইল ফোন ভাঙচুর করা হয়।

ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, ওই সকালে দৈনিক কালের কণ্ঠের উপজেলা প্রতিনিধি আতাউর রহমান রাজু, দৈনিক শ্যামল বাংলার বিশেষ প্রতিনিধি তুহিন আলম, এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি আল আমিন হোসেন, গ্রীন টেলিভিশনের আরিফুল ইসলাম এবং রাজধানী টেলিভিশনের মনিরুল ইসলাম সংবাদ সংগ্রহে সেখানে যান।
অভিযোগে বলা হয়, পূর্বপরিকল্পিতভাবে আল আমিন জোয়ারদ্দার ও মনিরুল ইসলামের নেতৃত্বে ১০-১২ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা সাংবাদিকদের গালিগালাজ করে তাদের ক্যামেরা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ভাঙচুর করে।
এ ঘটনায় আতাউর রহমান রাজু ও তুহিন আলম গুরুতর আহত হন। পরে খবর পেয়ে উল্লাপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাংবাদিকদের উদ্ধার করে।
আহত সাংবাদিক আতাউর রহমান রাজু বলেন, তারা পেশাগত দায়িত্ব পালনের সময় হামলার শিকার হয়েছেন এবং এ ঘটনার সুষ্ঠু বিচার ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
উল্লাপাড়া থানার এসআই সেলিম হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সাংবাদিকদের উদ্ধার করে।
থানা সূত্রে জানা গেছে, এ ঘটনায় লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান চলছে।