, ,

, ,

হোম অপরাধ

রাজনৈতিক বিরোধে যুবলীগ নেতা নিহত, স্ত্রীকে বেঁধে রাখার অভিযোগ

শেয়ার: https://www.timebulletin24.com/news/eo6697

ছবি – সংগৃহীত

স্টাফ রিপোর্টার

যশোরের চৌগাছায় রাজনৈতিক বিরোধের জেরে জুয়েল রানা (৪০) নামে এক যুবলীগ নেতাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১১ জুন) সকালে উপজেলার পাতিবিলা ইউনিয়নের মুক্তদাহ গ্রামের মোড়ে এ ঘটনা ঘটে। নিহত জুয়েল রানা পাতিবিলা ইউনিয়ন যুবলীগের সদস্য এবং মুক্তদাহ গ্রামের আব্দুল ওয়াদুদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে মুক্তদাহ মোড়ে অবস্থানকালে একদল ব্যক্তি দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে জুয়েল রানার ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে দুপুর সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় জুয়েলের স্ত্রী মায়া খাতুনও আহত হন। তিনি অভিযোগ করেন, স্বামীকে বাঁচাতে গেলে হামলাকারীরা তাকে একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখে এবং তার সামনেই জুয়েলকে মারধর করে। তবে স্ত্রীকে বেঁধে রাখার অভিযোগের সত্যতা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।

স্থানীয়দের ভাষ্য, পাতিবিলা ইউনিয়নে দীর্ঘদিন ধরে রাজনৈতিক বিরোধ ও উত্তেজনা ছিল। আওয়ামী লীগ সরকারের সময় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা, মামলা ও হয়রানির অভিযোগে জুয়েলের প্রতি স্থানীয় বিএনপির একটি অংশ ক্ষুব্ধ ছিল বলে জানা গেছে। সম্প্রতি স্থানীয় রাজনৈতিক নেতাদের নিয়ে তার সমালোচনাকে কেন্দ্র করে বিরোধ আরও তীব্র হয়।

মায়া খাতুনের দাবি, স্থানীয় বিএনপির কয়েকজন নেতা ও তাদের সমর্থকরা এ হামলার সঙ্গে জড়িত। তিনি অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্তদের একজন, ইউনিয়ন বিএনপির সহসভাপতি নজরুল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

পাতিবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান লাল বলেন, জুয়েলের সঙ্গে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের দীর্ঘদিনের বিরোধ ছিল। তবে হত্যাকাণ্ডের বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে চাননি।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ বলেন, প্রাথমিকভাবে রাজনৈতিক বিরোধের জেরেই হত্যাকাণ্ডটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। নিহতের বিরুদ্ধে কয়েকটি মামলা রয়েছে। ঘটনায় মামলা প্রক্রিয়াধীন এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।

ময়নাতদন্ত শেষে বিকেলে জুয়েল রানার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো আবশ্যক।

শেয়ার করুন