
নাজমুল হোসেন, রাজবাড়ীঃ
রাজবাড়ীর কালুখালীতে জামায়াত কর্মী আসাদুল ইসলাম (২৪) হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। ধারের টাকা পরিশোধ না করায় তাকে পরিকল্পিতভাবে হত্যার পর লাশ পুড়িয়ে আলামত নষ্টের চেষ্টা করা হয়েছিল। এ ঘটনায় জড়িত মূল পরিকল্পনাকারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শামসুল হক। গ্রেপ্তারকৃতরা হলেন—কালুখালী উপজেলার সূর্যদিয়া গ্রামের মো. মিজান শেখ (২৪), মো. আব্দুল করিম মোল্লা (৩৫) এবং পশ্চিম রতনদিয়া গ্রামের মো. আনোয়ার মণ্ডল (৪৪)। পুলিশ জানায়, গত ১৫ জুন সকালে সূর্যদিয়া মাদ্রাসার পেছনের একটি পাটক্ষেত থেকে শাহজাহান মণ্ডলের ছেলে নিখোঁজ আসাদুলের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে কালুখালী থানায় মামলা করলে সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেব্রত সরকারের নেতৃত্বে পুলিশ ও ডিবির একটি দল অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে। তদন্তে জানা যায়, চার মাস আগে আসামি মিজানের কাছ থেকে ৬৮ হাজার টাকা ধার নেন আসাদুল। নির্ধারিত সময়ে তা পরিশোধ করতে না পারায় বিরোধের জেরে মিজান ও তার সহযোগীরা আসাদুলকে হত্যা করে লাশ পুড়িয়ে দেওয়ার চেষ্টা করে। অতিরিক্ত পুলিশ সুপার মো. শামসুল হক জানান, গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। প্রধান আসামি মিজান শেখ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ঘটনার সাথে জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

প্রতিবেদন ও ছবি: নাজমুল হোসেন, রাজবাড়ীঃ