
নাজমুল হোসেন, রাজবাড়ীঃ
রাজবাড়ীর কালুখালীতে স্কুলে যাওয়ার পথে রুপা রানী বিশ্বাস (১৪) নামে নবম শ্রেণীর এক স্কুলছাত্রীকে জোরপূর্বক সাদা রঙের একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। গত ১৫ জুন সকালে উপজেলার সাবেক রায়পুর এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর চাচা রতন কুমার বিশ্বাস বাদী হয়ে কালুখালী থানায় ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪/৫ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী রুপা রানী বিশ্বাস কালুখালীর সাবেক রায়পুর গ্রামের নবদ্বীপ বিশ্বাসের মেয়ে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী। বিদ্যালয়ে যাওয়া-আসার পথে রাজবাড়ী সদর উপজেলার চন্দনী গ্রামের মোঃ কালুর ছেলে রিফাত (২০) তাকে দীর্ঘদিন ধরে ইভটিজিং বা উত্ত্যক্ত করে আসছিল। গত ১৫ জুন আনুমানিক সকাল ৯:৩০ ঘটিকায় রুপা রানী বিশ্বাস বাড়ি থেকে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। পথে সাবেক রায়পুর পাকা রাস্তার পাশে পৌঁছালে পূর্বে থেকে ওঁৎ পেতে থাকা রিফাত (২০) ও তার ভাই ছিফাত (২৩), পিতা মোঃ কালু (৫৫) এবং মাতা শিফালী খাতুনের (৪০) প্ররোচনা ও পরামর্শে অজ্ঞাতনামা আরও ৪/৫ জন লোক মিলে একটি সাদা রঙের মাইক্রোবাস নিয়ে এসে ওই ছাত্রীর গতিপথ রোধ করে। এরপর তারা জোরপূর্বক রুপা রানীকে গাড়িতে তুলে অজ্ঞাত স্থানের উদ্দেশ্যে দ্রুত গতিতে পালিয়ে যায়। অভিযোগে আরও উল্লেখ করা হয়, ঘটনার পর ভুক্তভোগী ছাত্রীর পরিবার অভিযুক্তদের বাড়িতে গিয়ে খোঁজখবর নিতে গেলে অভিযুক্তরা তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। বর্তমানে পরিবারের আশঙ্কা, অপহৃত ছাত্রীকে অজ্ঞাত স্থানে আটকে রেখে বড় ধরনের ক্ষতি সাধন করা হতে পারে। আত্মীয়-স্বজনদের সাথে আলোচনা করার কারণে থানায় অভিযোগ দিতে কিছুটা বিলম্ব হয়েছে বলে জানান বাদী। এই বিষয়ে কালুখালী থানা পুলিশ জানায়, লিখিত অভিযোগটি পাওয়ার পর বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। নিখোঁজ স্কুলছাত্রীকে উদ্ধার এবং ঘটনার সাথে জড়িত অভিযুক্তদের আইনের আওতায় আনতে পুলিশের জোর তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
প্রতিবেদন ও ছবি: নাজমুল হোসেন, রাজবাড়ীঃ