
ছবি: সংগৃহীত
ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ২৬ জুন ২০২৬, রাত ৯:০৪
রাজধানীর শাহবাগ এলাকার আজিজ সুপার মার্কেটসংলগ্ন একটি আবাসিক ভবনের ফ্ল্যাট থেকে ফারা ফোরদৌস (২৭) নামে এক চিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৬ জুন) বিকেলে ১৪ তলার ৮/এস নম্বর ফ্ল্যাটের একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) একরামুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে জানা গেছে, নিহত চিকিৎসক গত তিন দিন ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন ছিলেন। বারবার ফোন করেও কোনো সাড়া না পেয়ে স্বজনরা শুক্রবার ঢাকায় এসে তার কক্ষে প্রবেশ করেন এবং সেখানে মরদেহ দেখতে পান। এরপর তারা পুলিশকে খবর দেন।
তিনি আরও জানান, মৃত্যুর কারণ নিশ্চিত হতে ময়নাতদন্ত প্রতিবেদন প্রয়োজন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।