, ,

, ,

হোম অপরাধ

লামায় নারী পর্যটককে শ্লীলতাহানি ও ছিনতাই: রিসোর্ট ব্যবস্থাপকসহ দুইজন গ্রেপ্তার

শেয়ার: https://www.timebulletin24.com/news/7i029d

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের লামা উপজেলায় দুই নারী পর্যটককে শ্লীলতাহানি, ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের চেষ্টা এবং স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে একটি রিসোর্টের ব্যবস্থাপকসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৯ জুন) তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, রিসোর্টের ব্যবস্থাপক মোহাম্মদ রাশেদ (২৫) এবং তার সহযোগী মো. হৃদয় (২৮)। রোববার সন্ধ্যায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার হামিদ জানান, গ্রেপ্তার দুই আসামির কাছ থেকে ভুক্তভোগী নারীর স্বর্ণের কানের দুল এবং নগদ ৮ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৫ জুন কক্সবাজারের চকরিয়া থেকে তিনজন পর্যটক মাতামুহুরী নদীতে নৌভ্রমণে বের হন। যন্ত্রচালিত নৌকায় লামা উপজেলা সদরের দিকে যাওয়ার সময় তাদের মধ্যে এক নারী অসুস্থ হয়ে পড়লে বিশ্রামের জন্য নদীতীরবর্তী একটি রিসোর্টে ওঠেন।

অভিযোগ অনুযায়ী, মানিকপুর এলাকার ওই রিসোর্টে একটি কক্ষ ভাড়া নেওয়ার পর ব্যবস্থাপক মোহাম্মদ রাশেদ ও তার সহযোগী বাইরে থেকে কক্ষের দরজা আটকে দেন। পরে আরও সাত থেকে আটজন সহযোগীকে সঙ্গে নিয়ে তারা কক্ষে প্রবেশ করে পর্যটকদের মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এরপর দুই নারী পর্যটককে শ্লীলতাহানি করে তাদের ভিডিও ধারণ করা হয়।

এ সময় ভুক্তভোগীদের কাছ থেকে স্বর্ণের কানের দুল এবং ব্যাগে থাকা ৪৮ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার পাশাপাশি, ঘটনাটি কাউকে জানালে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর ভুক্তভোগীরা লামা থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করে।

ওসি কায়সার হামিদ বলেন, “মামলায় তিনজনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে দুইজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ভুক্তভোগীর স্বর্ণের কানের দুল ও ৮ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। পলাতক অপর আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো আবশ্যক।

শেয়ার করুন